ইয়েমেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i23275-ইয়েমেনে_৩_দিনের_যুদ্ধবিরতি_ঘোষণা_করল_জাতিসংঘ
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৬ ০৩:১০ Asia/Dhaka
  • ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ
    ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ

ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে ইয়েমেনি জনগণের রক্তপাত বন্ধ হবে এবং দেশটিতে বিস্তৃত মানবিক সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হবে। এতে আরো বলা হয়েছে, ইয়েমেনে সংঘর্ষরত সব পক্ষের অনুমোদন পাওয়ার পরই এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং এর মেয়াদ পরবর্তীতে বাড়ানো সম্ভব।

লন্ডনে বৈঠক করেন জন কেরি, বরিস জনসন ও শেইখ আহমেদে

এর আগে রোববার ইয়েমেনে সংঘর্ষরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে অবিলম্বে দেশটিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল আমেরিকা, ব্রিটেন ও জাতিসংঘ। লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও শেইখ আহমেদের মধ্যে এক বৈঠকের পর ওই আহ্বান জানানো হয়েছিল।

এরপর ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি ও তার পক্ষ হয়ে ইয়েমেনে আগ্রাসন পরিচালনকারী সৌদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যুদ্ধবিরতির ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়ে বলেন, হুথি আনসারুল্লাহ যোদ্ধারা রাজি থাকলে তারাও হামলা বন্ধ রাখতে প্রস্তুত রয়েছেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরব। জনপ্রিয় হুথি আন্দোলনকে দমন করে পলাতক প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় বসাতে চায় রিয়াদ। ইয়েমেনে গত দেড় বছরের সৌদি আগ্রাসনে নিহত হয়েছে ১০ হাজারেরও বেশি আদম সন্তান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮