গাজার বিরুদ্ধে শেষ যুদ্ধের হুমকি দিল ইসরাইল
-
ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিয়ে বলেছেন, এবার গাজার বিরুদ্ধে যুদ্ধ হলে তা হবে শেষ যুদ্ধ।
আল-কুদস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে লিব্যারম্যান আজ (সোমবার) বলেন, “গাজার বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ হবে শেষ যুদ্ধ।” তিনি পরিষ্কার করে বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই যে, এটি হবে শেষ যুদ্ধ কারণ আমরা গাজাকে ধ্বংস করে ফেলব।” ইসরাইলের যুদ্ধমন্ত্রীর এ বক্তব্য ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে, একইদিনে ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসরাইল দাবি করছে, গাজা থেকে রকেট হামলার পর তারা হামলা চালিয়েছে হামাসের একটি অবস্থানে। তবে এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি। এর আগে, গত মে মাসে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, গাজার জনগণ লিবারম্যান ও ইসরাইলি সেনাদের ভয়ে ভীত নয় বরং এবার যুদ্ধ হলে তা হবে চূড়ান্ত যুদ্ধ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪