মসুল অভিযান বন্ধ হয় নি; মার্কিন দাবি নাকচ করলেন এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i24346-মসুল_অভিযান_বন্ধ_হয়_নি_মার্কিন_দাবি_নাকচ_করলেন_এবাদি
ইরাকের মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে মার্কিন বাহিনীর দেয়া বক্তব্য নাকচ করেছেন প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি বলেছেন, মসুল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইরাকি বাহিনী নেইনাভা প্রদেশের বহু গ্রাম ও শহর মুক্ত করেছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৬ ০৯:৫৩ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে মার্কিন বাহিনীর দেয়া বক্তব্য নাকচ করেছেন প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি বলেছেন, মসুল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইরাকি বাহিনী নেইনাভা প্রদেশের বহু গ্রাম ও শহর মুক্ত করেছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল জন ডোরিয়ান গতকাল (শনিবার) দাবি করেন, সেনা পুনর্গঠনের জন্য দু দিন মসুল অভিযানে বিরতি দেয়া হয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি মসুল অভিযান আবার শুরু করার জন্য সেনা পুনর্গঠনে দু দিন সময় লাগবে এবং পুরো নেইনাভা প্রদেশ মুক্ত না হওয়া পর্যন্ত চলবে সে অভিযান চলবে।”  

এ বক্তব্যের বিরোধিতা করে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারী ও অনিষ্টকারীদের বাধা মসুল মুক্ত করার অভিযানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এছাড়া, মার্কিন সেনা মুখপাত্রের বক্তব্যকে নাকচ করেছেন ইরাকের এলিট কাউন্টার টেরর ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আস-সাদি এবং জেনারেল আবদুল গণি আল-আসাদি।

যখন মসুল শহর মুক্ত করার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন মার্কিন মুখপাত্র ওই বক্তব্য দিয়েছেন। মার্কিন সেনা মুখপাত্রের এ বক্তব্যকে মসুল অভিযান বাধাগ্রস্ত করার তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। ইরাকের কোনো কোনো সেনা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন জোট মসুল অভিযানে তাদের সমর্থন বন্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০