হোসেইন (আ.)'র চেহলাম: কারবালায় আড়াই কোটি মানুষের শোক-সমাবেশ
ইরাকের কারবালা নগরীতে ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর শোকানুষ্ঠানে আজ (সোমবার) যোগ দিয়েছেন প্রায় আড়াই কোটি মুসলমান। ইমাম হোসেন (আ.)'র প্রতি ভালোবাসার টানে তারা সেখানে ছুটে গেছেন।
ইমামের মাজার জিয়ারতের পর শোকার্ত মানুষেরা দল বেঁধে মাতম করছেন। প্রতিটি দলের অন্তত একজন ব্যক্তি কারবালার হৃদয়বিদারক ঘটনা ও এর পরবর্তী ইতিহাস বর্ণনা করছেন।
বেহেশতে যুবকদের সর্দার ইমাম হোসেইনের শাহাদাতের চেহলাম বার্ষিকী আরবি ভাষায় 'আরবাইন' নামে পরিচিত। আরবাইন উপলক্ষে বিশ্বের অন্তত ৬০টি দেশ থেকে লাখ লাখ মুসলমান কারবালায় পৌঁছেছেন।
ইরান থেকে ২০ লাখেরও বেশি মুসলমান কারবালায় গেছেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকেও বহু যিয়ারতকারী এবার কারবালার শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন। স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে, ইরাকের কারবালা ও আশেপাশের এলাকা এখন জনসমুদ্র। দেশের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত এসে কারাবালায় মিলিত হয়েছে। এ বছরের শোকানুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ অংশ নিয়েছে বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন।
৬১ হিজরির ১০ই মহররম ন্যায় প্রতিষ্ঠা ও খাঁটি মোহাম্মাদি ইসলামকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন (আ.)। মুসলিম বিশ্বের ওপর চেপে বসা এজিদ বাহিনীর হাতে সেদিন শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন ইমাম পরিবারের বহু সদস্যসহ ইমামের ৭২ জন সঙ্গীসাথী।
মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক সেই ঘটনার মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হয়। প্রতি বছর সে ঘটনার ৪০তম দিন ২০শে সফর পালিত হয় আরবাঈন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১