‘সিরিয়ায় জঙ্গি রপ্তানি করছে সৌদি আরব’
-
বাশার আল-জাফারি
সৌদি আরব সারাবিশ্ব থেকে সন্ত্রাসী সংগ্রহ করে সিরিয়ায় রপ্তানি করছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি সোমবার নিরাপত্তা পরিষদে এক বক্তৃতায় এ অভিযোগ করেন।
তিনি বলেন, “তারা (সৌদি আরব) তাদের সন্ত্রাসীদেরকে জোর করে আমাদের দেশে রপ্তানি করছে। সারাবিশ্ব থেকে জঙ্গিদের ধরে এনে তারা আমাদের দিকে ঠেলে দিচ্ছে।”
২০১১ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদেরকে তুরস্ক, কাতার ও সৌদি আরব পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে ব্যাপকভাবে খবর প্রচারিত হয়েছে।
বাশার জাফারি বলেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলো সৌদি ওয়াহাবি মতবাদ দ্বারা প্রভাবিত। সৌদি আরব যে ওয়াহাবি মতবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে দায়েশ ও আন-নুসরা ফ্রন্ট সিরিয়ায় সেই মতবাদের ভিত্তিতে পাশবিক জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত তার মার্কিন সমকক্ষ সামান্থা পাওয়ারের এক অভিযোগও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। পাওয়ার দাবি করেছিলেন, সিরিয়ার জঙ্গিবিমান দেশটির আলেপ্পো শহরের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করছে এবং বেসামরিক লোকজনকে শহর ত্যাগ অথবা মৃত্যুবরণের যেকোনো একটি বেছে নেয়ার জন্য আকাশ থেকে লিফলেট ছড়িয়েছে।
আমেরিকার এ দাবিকে সম্পূর্ণ ‘মনগড়া’ আখ্যা দিয়ে জাফারি বলেন, সিরিয়ার রাকা শহরের কাছে শুধুমাত্র সোমবারের মার্কিন বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আমেরিকা যখন নিজে সিরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করছে তখন দামেস্কের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করা ভণ্ডামি ছাড়া আর কিছু নয় বলে সিরিয়ার রাষ্ট্রদূত উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২