‘আমেরিকার কাছ থেকে স্মার্টবোমা আসার অপেক্ষায় আছি’
https://parstoday.ir/bn/news/west_asia-i28630-আমেরিকার_কাছ_থেকে_স্মার্টবোমা_আসার_অপেক্ষায়_আছি’
মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি সীমিত করেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। তিনি উল্টো দাবি করেছেন, রিয়াদ আসলে ওয়াশিংটনের কাছ থেকে স্মার্ট বোমা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৬ ০৩:০১ Asia/Dhaka
  • আদেল আল জুবায়ের (বামে) এবং জন কেরি
    আদেল আল জুবায়ের (বামে) এবং জন কেরি

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি সীমিত করেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। তিনি উল্টো দাবি করেছেন, রিয়াদ আসলে ওয়াশিংটনের কাছ থেকে স্মার্ট বোমা পাওয়ার অপেক্ষায় রয়েছে।

রোববার রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবায়ের আরো বলেন, আমেরিকা তার দেশের কাছে প্রতিশ্রুত অস্ত্র রপ্তানি কমিয়ে দেবে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে তিনি আমেরিকার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাননি।  গণমাধ্যমে আসলে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক খবর প্রকাশিত হয়েছে।

ইয়েমেনে সৌদি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে ওয়াশিংটন রিয়াদের কাছে কিছু সমরাস্ত্র রপ্তানি বাতিল করেছে বলে গত সপ্তাহে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।  নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার অর্থ কাউকে যা খুশি তাই করতে দেয়ার অনুমতি নয়।” তিনি আরো বলেন, “এ কারণে আমরা বিদেশে (সৌদি আরবে) কিছু সমরাস্ত্র রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছি।”

ইয়েমেনে গত প্রায় দুই বছরের সৌদি আগ্রাসনে অন্তত ১১ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থার খবর সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি নিছক গণমাধ্যমের খবর।  এ ব্যাপারে মার্কিন সরকারের পক্ষ থেকে রিয়াদ কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।  বাস্তবতা হচ্ছে, আমরা সাধারণ বোমার পরিবর্তে বরং স্মার্ট বোমা আসার অপেক্ষায় আছি।  কারণ স্মার্ট বোমার কার্যকারিতা বেশি।”

সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার সৌদি সমকক্ষকে সমর্থন করে বলেন, রিয়াদকে অস্ত্র সরবরাহ প্রক্রিয়ায় কোনো বিলম্ব হবে না এবং এ প্রক্রিয়াকে যথাসম্ভব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯