ফিলিস্তিনিদের রক্ষার একমাত্র উপায় ইসরাইল-বিরোধী প্রতিরোধ: ইরান
-
আলাউদ্দিন বোরুজেরদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিনিদের রক্ষা এবং অধিকৃত ভূমি উদ্ধারের একমাত্র উপায়। তিনি শুক্রবার বলেন, ফিলিস্তিনের সব বিপ্লবী সংগঠন এখন এ বিষয়ে একমত।
মস্কোয় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরিকল্পিত বৈঠক সম্পর্কে বোরুজেরদি বলেন, “এ ধরনের আলোচনা থেকে নিশ্চিতভাবে কোনো ফল আসবে না।” তিনি আরো বলেন, ইসরাইলের সঙ্গে আপোশ আলোচনা ও সংহতির জন্য ভুল পথ অনুসরণ করার কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বার বার বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।
ইরানের শীর্ষ পর্যায়ের এ সংসদ সদস্য বলেন, ফিলিস্তিনিদের সমস্যা অবশ্যই তাদের নিজেদেরকেই সমাধানের চেষ্টা করতে হবে; বাইরে থেকে চাপিয়ে দিলে হবে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী “সাধারণ ধারণা” নিয়ে মস্কোয় বৈঠকে বসবেন। এ বৈঠকের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন কথিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা যাবে বলে রাশিয়া আশা করছে। তবে কখন সে বৈঠক হবে তিনি সে সময় তা নিশ্চিত করেন নি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ আপোশ আলোচনা অুনষ্ঠিত হয়েছে ২০১৪ সালে। সে সময় ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ ও ফিলিস্তিনের শীষ পর্যায়ের নেতাদের মুক্তি দিতে রাজি না হলে ওই আলোচনা ভেঙে যায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০