নিহত হামাস সদস্যদের লাশ ফেরত দেব না: নেতানিয়াহু
-
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’
ইসরাইল বিরোধী অভিযানে নিহত হামাস সদস্যদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়ে দিয়েছে তেল আবিব। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সরকারি টুইটার একাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস একজন ইসরাইলি সৈন্য’র ভুয়া জন্মদিন পালনের একটি ভিডিও প্রকাশ করার পর তেল আবিবের পক্ষ থেকে এ ঘাষণা এল। ওই ইহুদিবাদী সেনা ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরাইল নিহত ফিলিস্তিনিদের দেহাবশেষ ফেরত দেবে না বলে ঘোষণা দিলেও এসব হতভাগ্যের লাশ কীভাবে দাফন করা হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি।
তেল আবিবের এ ঘোষণার পর একজন হামাস মুখপাত্র বলেছেন, এ ঘোষণা ইহুদিবাদী ইসরাইলের বর্বর দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের সুস্পষ্ট প্রমাণ। এর পরিণতি শুভ হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
২০১৪ সালের জুলাই মাসে অবরুদ্ধে গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। ওই হামলায় ৫৭৭ শিশুসহ প্রায় ২,২০০ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১১,০০০ মানুষ আহত হন। ওই যুদ্ধে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালাতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের দেহাবশেষ এতদিন সংরক্ষণ করছিল তেল আবিব। অনেক সময় বন্দি বিনিময়ের অংশ হিসেবে এ ধরনের লাশ বা দেহাবশেষ বিনিময় করে হামাস ও ইসরাইল। কিন্তু তেল আবিবের নতুন ঘোষণা অনুযায়ী, আর কোনো দেহাবশেষ হস্তান্তর করবে না দখলদার এ সরকার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২