ইয়েমেনে ২ দিনের প্রচণ্ড সংঘর্ষে নিহত ৭০
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও হাদি-পন্থি সেনাদের মধ্যে দুই দিনের প্রচণ্ড সংঘর্ষে দু’পক্ষের প্রায় ৭০ জন নিহত হয়েছে। শনিবার বাব আল-মান্দাব প্রণালিতে শুরু হওয়া এ সংঘর্ষে আরো অন্তত ৭০ জন আহত হয়েছে।
প্রণালির উপকূলীয় ধুবাব এলাকার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনারা আনসারুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়। ভারত মহাসাগরের সঙ্গে লোহিত সাগরের সংযোগ স্থাপন করেছে বাব আল-মান্দান প্রণালি।
সংঘর্ষে হাদি-পন্থি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল-মাজিদি নিহত হয়েছে বলে জানা গেছে। এতে তাদের প্রচুর অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে।
এদিকে দারিদ্র পীড়িত ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের পাশবিক বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার ইয়েমেনের সানা, সা’দা, মা’রিব এবং তাইজ প্রদেশে সৌদি বিমান হামলায় বহু লোক হতাহত এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় বসানো এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে দেশটিতে নির্দয় বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ হামলায় এ পর্যন্ত অন্তত ১১,৪০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, এতে বহু হাসপাতাল, স্কুল ও কল-কারখানাসহ দারিদ্র পীড়িত দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯