ইয়েমেনিদের পাল্টা আঘাতে সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস
-
অ্যাপাচি হেলিকপ্টার
ইয়েমেনের তায়িজ প্রদেশে আগ্রাসী সৌদি বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা। আল-মাসিরা টিভি চ্যানেল আজ (বুধবার) জানিয়েছে, প্রদেশের আল-মুখা এলাকায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে হেলিকপ্টারটি ধ্বংস করা হয়।
প্রতিদিনই এ ধরনের বহু সৌদি সামরিক হেলিকপ্টার ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে বোমা ও ক্ষেপণাস্ত্র ফেলে চলে যায় এবং এর ফলে বহু মানুষ হতাহত হয়।
এদিকে, 'বাবুল মান্দাব' প্রণালীর নিয়ন্ত্রণ নিতে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো হামলা জোরদার করেছে। সেখানে ইয়েমেনিদের সঙ্গে সৌদি আরবের ভাড়াটে সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫