গাজায় হামাসের নতুন প্রধান আপোশহীন নেতা সিনওয়ার
https://parstoday.ir/bn/news/west_asia-i32928-গাজায়_হামাসের_নতুন_প্রধান_আপোশহীন_নেতা_সিনওয়ার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন, হামাসের সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে গাজা উপত্যকায় এই আন্দোলনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। হামাস কর্মকর্তারা বলেছেন, সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার সংগঠনের গাজা দপ্তরের রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ০৩:২৩ Asia/Dhaka
  • ২০১১ সালের অক্টোবরে ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়ে আসার পর সিনওয়ারকে (ডানে) স্বাগত জানান ইসমাইল হানিয়া (ফাইল ছবি)
    ২০১১ সালের অক্টোবরে ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়ে আসার পর সিনওয়ারকে (ডানে) স্বাগত জানান ইসমাইল হানিয়া (ফাইল ছবি)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন, হামাসের সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে গাজা উপত্যকায় এই আন্দোলনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। হামাস কর্মকর্তারা বলেছেন, সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার সংগঠনের গাজা দপ্তরের রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন।

হামাসের অপর সিনিয়র নেতা খলিল আল-হাইয়া’কে সিনওয়ারের উপ-প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সিনওয়ার হামাসের নেতা হিসেবে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন।  ২০০৭ সালের জুন মাসে ফিলিস্তিনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন থেকে তার আন্দোলন গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।

অনেকে মনে করছেন, ইসমাইল হানিয়া এবার হামাসের প্রবাসী রাজনৈতিক ব্যুরো প্রধান খালেদ মাশআলের স্থলাভিষিক্ত হবেন।  কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক সদর দপ্তর অবস্থিত। 

৫৫ বছর বয়সি ইয়াহিয়া সিনওয়ার ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা। তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরদ্ধে আপোষহীন সংগ্রামকারী হিসেবে পরিচিত।  তেল আবিবের সঙ্গে যেকোনো ধরনের আপোষের বিরোধী তিনি।

১৯৮৮ সালে দখলদার ইসরাইল তাকে ধরে নিয়ে গিয়েছিল। ২০১১ সালের অক্টোবরে হামাসের হাতে আটক ইসরাইলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে যে ১,০০০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন তাদের সঙ্গে সিনওয়ার মুক্ত হয়ে গাজায় ফিরে আসেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪