সিরিয়া বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আগে আরো আলোচনার প্রয়োজন: ডি মিস্তুরা
-
জাতিসংঘের বিশেষদূত স্টিফান দি মিস্তুরা
সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে কোনো ধরণের সমঝোতায় পৌঁছানার আগে আরো কয়েক দফা আলোচনার প্রয়োজন হতে পারে বলে সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষদূত স্টিফান ডি মিস্তুরা জেনেভায় অনুষ্ঠানরত শান্তি আলোচনায় অংশ নেয়া সব পক্ষকে জানিয়েছেন।
গতকাল (রোববার) চলমান আলোচনার চতুর্থ দিনে ডি মিস্তুরা এ ঘোষণা দেন। ভবিষ্যৎ আলোচনার ব্যাপারে আমরা কিভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে বর্তমান আলোচনার শেষে সিরিয়ার সরকার এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে গভীর বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আলোচনায় অংশ নেয়া প্রধান বিরোধী গোষ্ঠী অভিযোগ করে বলেছে, সিরিয়া সরকার আলোচনা বানচাল করার চেষ্টা করছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি হোমসে সাম্প্রতিক ভয়াবহ হামলার জন্য নিন্দা জানাতে বিরোধী সব পক্ষকে আহ্বান জানানোর পর তারা এ অভিযোগ করল।
কথিত বিরোধী গোষ্ঠী 'হাই নেগেশিয়েসনস কমিটি'র মুখপাত্র সালেম আল মেসলেত বলেন, জাফারি আলোচনাকে স্থবির করে রেখেছেন। রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু করতে দামেস্ক সরকার আগ্রহী নয়। তিনি আরো বলেন, হোমসের হামলার বিষয়ে নিন্দা জানাতে তিনি যেমন আমাদেরকে চাপ দিচ্ছেন তেমনি সরকারি প্রতিনিধিরা সবাইকে বলুক যে, তারা রাজনৈতিক পরিবর্তনের বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭