সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার প্রস্তাব নাকচ করেছে আরব লীগ
-
আহমাদ আবুলগেইত
আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এই সংস্থা। আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত বলেছেন, এখনো তার সংস্থায় সিরিয়ার প্রত্যাবর্তনের সময় আসেনি।
মঙ্গলবার সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি। মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি বলেন, আরব লীগ শুধুমাত্র আরব সরকারগুলোর প্রতিনিধিত্ব করে না বরং আরব জনগণেরও প্রতিনিধিত্ব করে। সে কারণে অবশ্যই সিরিয়া সংকটের অবসান ঘটাতে হবে।
ইব্রাহিম জাফারি বলেন, আমরা তখনই সকল আরব জনগোষ্ঠীকে একটি জাতি হিসেবে অভিহিত করতে পারব যখন সবগুলো আরব জাতির পক্ষ থেকে একটি করে প্রতিনিধি এই লীগে থাকবে। তিনি বলেন, কোনো কোনো আরব দেশ আমাদের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত এবং আমরা আরো কিছু আরব দেশকে আমাদের সঙ্গে শামিল করার চেষ্টা করছি। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি সম্প্রতি বলেছিলেন, তার সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর যুদ্ধকে সমর্থন করে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আরব লীগের মহাসচিব আবুলগেইত সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সিরিয়া সংকট শুরু হওয়ার কয়েক মাস পর ২০১১ সালের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করেছিল আরব লীগ। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে মিশর, ইরাক, ইয়েমেন, লিবিয়া, মরক্কো, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, আলজেরিয়া, লেবানন, মৌরিতানিয়া, জর্দান, জিবুতি, কমোরোস, কুয়েত, সিরিয়া, সোমালিয়া, সুদান, ওমান ও ফিলিস্তিন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮