ফুকাহার হত্যাকাণ্ডের পর হামাস অলস বসে থাকবে না: খালেদ মাশাল
https://parstoday.ir/bn/news/west_asia-i35210-ফুকাহার_হত্যাকাণ্ডের_পর_হামাস_অলস_বসে_থাকবে_না_খালেদ_মাশাল
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। সংগঠনটি জানিয়েছে, বর্বরোচিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল যে 'নতুন চ্যালেঞ্জ' ছুঁড়ে দিয়েছে তার মোকাবেলায় হামাস অলস বসে থাকবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৭ ১১:১৫ Asia/Dhaka
  • হামাস নেতা খালেদ মাশাল
    হামাস নেতা খালেদ মাশাল

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। সংগঠনটি জানিয়েছে, বর্বরোচিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল যে 'নতুন চ্যালেঞ্জ' ছুঁড়ে দিয়েছে তার মোকাবেলায় হামাস অলস বসে থাকবে না।

হামাসের শীর্ষস্থানীয় নেতা মাজেন ফুকাহার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সংগঠনটির নেতা খালেদ মাশাল গতকাল (সোমবার) কাতার থেকে এ বক্তব্য দেন। তিনি বলেন, 'ফুকাহাকে হত্যার মাধ্যমে শত্রু আমাদেরকে এই বার্তাই দিয়েছে যে, সে আমাদের বিরুদ্ধে একধাপ অগ্রগতি অর্জন করেছে এবং এমনকি গাজার কেন্দ্রে গিয়েও আমাদের একজন বীরকে হত্যা করার সক্ষমতা তার রয়েছে।'

মাশাল আরো বলেন, 'হামাসের সামরিক এবং রাজনৈতিক নেতারা দখলদার ইসরাইলের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ইহুদিবাদী দখলদাররা আমাদের কাছ থেকে একজন মহান বীরকে কেড়ে নিয়েছে এবং এর জন্য আমরা অলস বসে থাকব না।'

হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার মাজেন ফুকাহা (ফাইল ছবি)

গত শুক্রবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বন্দুকধারীরা ফুকাহাকে তার বাড়ির সামনেই গুলি করে হত্যা করে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নেতৃত্ব দিচ্ছিলেন ফুকাহা। ফুকাহার হত্যাকাণ্ডের পর হামাস এক বিবৃতিতে এই 'ঘৃন্য অপরাধের' জন্য ইসরাইল এবং তার দোসরদের দায়ী করেছে। মাশাল বলেন, আমাদের ইচ্ছা শক্তি তাদের অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী এবং আমরা একদিন তাদেরকে পরাজিত করবই।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮