তালআফারে ১৫০ দায়েশ-সন্ত্রাসী নিহত; 'কয়েক সপ্তা'র মধ্যেই মসুল মুক্ত হবে'
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মসুল অঞ্চলের পশ্চিমে তালআফার শহরে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ১৫০ সদস্য নিহত হয়েছে।
আজ (শনিবার) ইরাকি বিমান বাহিনী তালআফারের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল বায়াজ এলাকায় দায়েশের তিনটি অবস্থানে বোমা বর্ষণ করলে এই সন্ত্রাসীরা নিহত হয়।
এদিকে দায়েশ বিরোধী আন্তর্জাতিক জোটের মুখপাত্র বলেছেন, গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পশ্চিম মসুলে দায়েশবিরোধী অভিযান শুরুর পর সেখানে এই তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সদস্য সংখ্যা দু'হাজারেরও কিছু বেশি থেকে কমতে কমতে এখন এক হাজারেরও কমে দাঁড়িয়েছে।
ওদিকে উত্তর ইরাকের মুসেল শহরকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের হাত থেকে আর কয়েক সপ্তা’র মধ্যেই অর্থাৎ চলতি বছরের বসন্তের শেষভাগে মুক্ত করা সম্ভব হবে বলে একজন ইরাকি জেনারেল আশা প্রকাশ করেছেন।
ইরাকি ফেডারেল পুলিশের অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাকের আলওয়ান খাফাজি রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘দায়েশ বর্তমানে পশ্চিম মসুলের মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। আমরা সেখানকার আরও অঞ্চল মুক্ত করার অভিযান অব্যাহত রাখব’।
চলতি বছরের বসন্তের মধ্যেই আপনারা মসুল পুনরুদ্ধারের সুসংবাদ পাবেন বলে ইরাকি জেনারেল খাফাজি মন্তব্য করেছেন। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১