সিরিয়ায় মার্কিন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i35808-সিরিয়ায়_মার্কিন_হামলার_ঘটনায়_রাশিয়ার_সম্ভাব্য_প্রতিক্রিয়া
সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে এটাই ওয়াশিংটনের সরাসরি সামরিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো এই হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে?
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ১৪:০২ Asia/Dhaka

সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে এটাই ওয়াশিংটনের সরাসরি সামরিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো এই হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে?

তবে জানা গেছে রাশিয়া এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডেকে হামলার বিভিন্ন দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

সিরিয়ায় মার্কিন এই সামরিক হামলার দুটি দৃশ্যপট ভাবা যেতে পারে। একটি হলো রাসায়নিক অস্ত্রের ব্যাপারে সিরিয়ার জন্য আমেরিকার বেঁধে দেওয়া রেডলাইন। এই রেডলাইন অতিক্রম করলে ওয়াশিংটনের চূড়ান্ত প্রতিক্রিয়া কী হতে পারে সেটাই দেখানো হয়েছে। সে ক্ষেত্রে রাশিয়া বড়জোর এ ব্যাপারে মৌখিক নিন্দা জানাতে পারে। কেননা বলা হয়েছে আমেরিকা নাকি মস্কোকে এই হামলা সম্পর্কে আগেই জানিয়েছে। রাশিয়ার নিরবতাও সে কথারই সাক্ষ্য দিচ্ছে। তবে সিরিয়া যেহেতু জাতিসংঘের সদস্য সেহেতু নিরাপত্তা পরিষদের বিনা অনুমতিতে সিরিয়ার ওপর হামলা চালানো অবৈধ। তাই বিষয়টি নিয়ে রাশিয়া নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।

দৃশ্যপট দুই হলো মার্কিন এই হামলা হতে পারে সিরিয়ায় আরও ব্যাপক হামলার সূচনা। সেক্ষেত্রে সিরিয়া সংকট আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে অস্থিরতা আরও বিস্তৃতি পাবে। কারণ হলো বাশার আসাদ সরকারের অনুরোধে সিরিয়ায় রাশিয়ার ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে।

সন্ত্রাস দমনে সহায়তা দিয়ে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনাই রাশিয়ার সামরিক উপস্থিতির লক্ষ্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যে সিরিয়ার ভূ-রাজনৈতিক অবস্থান ধরে রাখা গেলে এ অঞ্চলের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর তার ইতিবাচক প্রভাব পড়বে।

অপরদিকে,সিরিয়ার তারতুস সমুদ্র বন্দরে রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটিটি রয়েছে। রাশিয়া যে-কোনো মূল্যে ভূমধ্যসাগরের এই ঘাঁটি রক্ষা করার চেষ্টা করবে। হামিমামেও রয়েছে রুশ স্থায়ী বিমান ঘাঁটি। তার মানে দীর্ঘ উপস্থিতির টার্গেট নিয়েই রাশিয়া এসব ঘাঁটি গেড়েছে। সুতরাং রাশিয়া কিছুতেই তার আন্তর্জাতিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে সিরিয়া ছেড়ে যাবে না। ফলে বিশেষজ্ঞদের ধারনা,পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে যদি তারা সিরিয়ায় হামলা অব্যাহত রাখে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৭