মার্কিন ৬০ ক্ষেপণাস্ত্রে সিরিয়ার ২০ বিমান ধ্বংস, রানওয়ে অটুট
https://parstoday.ir/bn/news/west_asia-i35830-মার্কিন_৬০_ক্ষেপণাস্ত্রে_সিরিয়ার_২০_বিমান_ধ্বংস_রানওয়ে_অটুট
সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০টি বিমান ধ্বংস হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা দাবি করেছেন। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে গতকাল এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ০৩:৩৬ Asia/Dhaka
  • মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর আশ-শাইরাত বিমান ঘাঁটির দৃশ্য
    মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর আশ-শাইরাত বিমান ঘাঁটির দৃশ্য

সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০টি বিমান ধ্বংস হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা দাবি করেছেন। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে গতকাল এ হামলা চালানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে এ ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলায় কয়েকটি পেট্রোল কেন্দ্র এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেন পেন্টাগনের এ মুখপাত্র। অবশ্য হতাহতের কোনো খবর সাংবাদিকদের দেননি তিনি।

হোমসের গভর্নর তালাল আল-বারাজাই বলেছেন, মার্কিন হামলায় নয় বেসামরিক নিরীহ মানুষসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় গ্রামবাসীরা মার্কিন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি। 

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকার ছোঁড়া মাত্র ২৩টি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আঘাত করতে পেরেছে। বাকি ৩৬ ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। বিমান ঘাঁটির রানওয়ে এবং ট্যাক্সিওয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া, পার্কিং এলাকায় থাকা সিরিয় বিমানগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। হামলায় সিরিয়ার ছয়টি মিগ-২৩ বিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে এ হামলার কার্যকারিতাকে খুবই খারাপ বলে মন্তব্য করেছ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।#

পার্সটুডে/মূসা রেজা/৮