বাগদাদিকে গ্রেফতারের ব্যাপারে পরস্পরবিরোধী খবর
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রধান আবুবকর আল-বাগদাদি ইরাক-সিরিয়া সীমান্তে গ্রেফতার হয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। ইউরোপের তথ্য ও নিরাপত্তা বিষয়ক মহাসচিবের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, রাশিয়া ও সিরিয়ার যৌথ গোয়েন্দা অভিযানে বাগদাদির অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়।
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে দেশটির সেনাবাহিনীর চলমান অভিযান থেকে রক্ষা পেতে বাগদাদি ইরাক থেকে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। গত ২ এপ্রিল তিনি ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেন বলে স্পুৎনিক জানিয়েছে।
অবশ্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আবুবকর আল-বাগদাদির গ্রেফতারের খবর অস্বীকার করেছে।
তবে রুশ ভাষার দৈনিক ‘রাসিসকায়া গ্যাজেটা’ এবং রাশিয়ার নিউজ চ্যানেল ‘লাইফ নিউজ’ মঙ্গলবার জানিয়েছে, দায়েশ নেতা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশের সময় গ্রেফতার হয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ক কমিটির দপ্তর প্রধান হাইতাম আবু সাঈদ বলেছেন, ইরাকি বাহিনীর অভিযান থেকে প্রাণ বাঁচানোর জন্য সিরিয়ায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন আবুবকর আল-বাগদাদি।
তবে ইরাক বা সিরিয়ার সরকারি কোনো সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে বাগদাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯