সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক বাহিনীর দায়িত্ব নিতে রিয়াদ গেলেন রাহিল শরীফ
https://parstoday.ir/bn/news/west_asia-i36616-সৌদি_নেতৃত্বাধীন_জোটের_সামরিক_বাহিনীর_দায়িত্ব_নিতে_রিয়াদ_গেলেন_রাহিল_শরীফ
পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্ব নেয়ার জন্য রিয়াদ গেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৭ ২০:০০ Asia/Dhaka
  • সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক বাহিনীর দায়িত্ব নিতে রিয়াদ গেলেন রাহিল শরীফ

পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্ব নেয়ার জন্য রিয়াদ গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি রাজধানীতে বিমান যোগে যাওয়ার জন্য আজ(শুক্রবার) পাকিস্তান ত্যাগ করেন তিনি।

পাক সেনাপ্রধানের পদ থেকে গত বছর অবসর নিয়েছেন রাহিল। সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক গোড়া থেকে গড়ে তুলবেন তিনি। এ জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগের কাজও করবেন রাহিল শরীফ।

সৌদি অর্থে গড়ে উঠেছে এ জোট এবং জোটের নেতৃত্বাধীন বাহিনীর জন্য ৪০ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে জনবল নিয়োগ করা হবে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে লড়াইয়ের জন্য এ বাহিনী গঠন করা হবে বলে দাবি করা হয়েছে। অবশ্য গোপনীয়তা বজায় রাখায় এ বাহিনীর উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায় নি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন একটি জোট যখন ইয়েমেনে দুবছরব্যাপী  যুদ্ধে জড়িত রয়েছে। অবশ্য যুদ্ধে রিয়াদ এখনো তার লক্ষ্য অর্জন করতে পারেনি তখন এ নতুন বাহিনী গড়ার কথা বলা হচ্ছে।

রিয়াদে যাওয়ার জন্য রাহিলকে অনাপত্তি সনদ দিয়েছে পাক কর্তৃপক্ষ। এদিকে রাহিলকে রিয়াদে যাওয়ার অনুমতি দিয়ে ২০১৫ সালে পাক সংসদের প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বুদ্ধিজীবী, শিয়া মুসলমান এবং মধ্যপন্থি সুন্নি নেতারা, আইনপ্রণেতসহ সব স্তরের মানুষ এমনটি মনে করছেন। পাক সংসদের এ প্রস্তাবে, বিশেষ করে ইয়েমেনের যুদ্ধের ক্ষেত্রে, পাকিস্তানকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য প্রকাশ না করে কেনো রাহিল শরীফকে অনাপত্তি সনদ দেয়া হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পাকিস্তানের নামকরা ইংরেজি দৈনিক ডনে এ সংক্রান্ত গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে পাকিস্তান সৌদি আরবের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১