সিরিয়া সীমান্তে মোতায়েন হলো মার্কিন, ব্রিটিশ এবং জর্দানের যৌথ বাহিনী
-
আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে সিরিয়া সীমান্তে মোতায়েন মার্কিন, ব্রিটিশ এবং জর্দানের সেনাদল
জর্দান সংলগ্ন সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মার্কিন, ব্রিটিশ এবং জর্দানের সেনাদল নিয়ে গঠিত যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পাওয়া খবরে আরো বলা হয়েছে, জর্দানের উত্তরাঞ্চলীয় অঞ্চলে মোতায়েন এ বাহিনীর সঙ্গে ট্যাংক এবং হেলিকপ্টার রয়েছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দার’য়া এবং সুওয়েদার সীমান্ত এলাকায় এ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাটি জর্দান সীমান্ত থেকে কয়েক শ’ মিটার দূরে অবস্থিত।
সিরিয়ার যৌথ অপারেশন কমান্ডের মিডিয়া ব্যুরো আকাশ থেকে তোলা কিছু ছবি প্রকাশ করেছে। ড্রোন থেকে তোলা এ সব ছবিতে ব্রিটেনের যুদ্ধের প্রধান ট্যাংক চ্যালেঞ্জার, আমেরিকান কোবরা এবং ব্ল্যাক হক হেলিকপ্টার দেখা গেছে।
মোতায়েনকৃত পদাতিক সেনার সঠিক জানা না গেলেও স্থানীয় সূত্র বলছে, প্রায় ২০০০ সেনা মোতায়েন করা হয়েছে। এ সব সেনাকে সিরিয়া এবং জর্দান সীমান্তে মোতায়েন করা হয়েছে।
এদিকে ইরানের আরবি চ্যানেল আল-আলমের সিরিয়া ব্যুরো প্রধান হোসেইন মোর্তুজা বলেছেন, দামেস্ক এবং তার মিত্ররা আমেরিকা, ব্রিটেন এবং জর্দানের সামরিক তৎপরতার ওপর গভীর ভাবে নজর রাখছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত হুমকি নির্মূলের অজুহাতে জর্দানে ২০ দেশের সামরিক মহড়া চলছে। মহড়ার নামে প্রকৃতপক্ষে সিরিয়ার রাজধানীতে আক্রমণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ওই এলাকায় দায়েশ সন্ত্রাসীদের অস্তিত্বই নেই।#
পার্সটুডে/মূসা রেজা/৯