মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানাল রাশিয়া ও সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i38276-মার্কিন_বিমান_হামলার_তীব্র_নিন্দা_জানাল_রাশিয়া_ও_সিরিয়া
সিরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও সিরিয়া। দেশ দু’টি বলেছে, এই ‘নির্লজ্জ’ হামলা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাশাপাশি সন্ত্রাস বিরোধী যুদ্ধের মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৭ ০৩:০১ Asia/Dhaka
  • গেন্নাদি গাতিলভ
    গেন্নাদি গাতিলভ

সিরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও সিরিয়া। দেশ দু’টি বলেছে, এই ‘নির্লজ্জ’ হামলা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাশাপাশি সন্ত্রাস বিরোধী যুদ্ধের মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।

বৃহস্পতিবার রাতে জর্দান সীমান্তবর্তী উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি অবস্থানের দিকে অগ্রসরমান সিরিয়ার সেনাবাহিনীর একটি বহরের উপর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ এ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ হামলায় বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে। গাতিলভ শুক্রবার জেনেভায় বলেন, এ হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এবং এর ফলে রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সংকট নিরসনের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে।

সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী ‘আমাদের একটি সামরিক অবস্থানে’ হামলা চালিয়েছে। এতে বেশ কিছু মানুষ নিহত এবং সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জামের বিপুল ক্ষতি হয়েছে। হামলায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্রদের যুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার সেনাসূত্রটি বলেছে, ‘এই নির্লজ্জ হামলার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট প্রমাণ করেছে, তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি মুখে করে সে ব্যাপারে তারা আন্তরিক নয়।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০