গাজায় মাজেন ফুকাহা হত্যাকাণ্ডে জড়িত ৩ ব্যক্তির প্রাণদণ্ড ঘোষণা
-
মাজেন ফুকাহ হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী হিসাম আল-আউয়াল(নিল এবং ছাই রংয়ের সার্ট পরিহিত)কে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার মাজেন ফুকাহা হত্যাকাণ্ডে জড়িত থাকায় দায়ে অবরুদ্ধ গাজার সামরিক আদালত তিন ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে।
গাজার স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় আজ(রোববার) এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, আদালত প্রমাণ পেয়েছে যে মাজেন ফুকাহা হত্যায় জড়িত ছিলো প্রধান আসামী আশরাফ আবু লেইলা। এ ছাড়া, ফিলিস্তিনের বিরুদ্ধ ষড়যন্ত্রেও তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে ফাঁসির নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া, মাজেন হত্যাকাণ্ডে জড়িত অপর দুই জন হলেন হিশাম আল-আউয়াল এবং আবদুল্লাহ আন-নাসের। আল-আউয়ালকে ফাঁসির এবং আন-নাসেরকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর নির্দেশ দিয়েছে আদালত। এ তিন ব্যক্তিরই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যোগাসাজশের বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে।
গত ২৪ মার্চ গাজা নগরীর তাল আল-হাওয়ায় অবস্থিত ফুকাহার বাসভবনে ঢুকে আততায়ীরা তাকে গুলি করেছিল। তার মাথায় চার দফা গুলি করে আততায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। চলতি মাসের ১১ তারিখে হত্যাকারীদের আটক করার ঘোষণা দিয়েছিল হামাস।#
পার্সটুডে/মূসা রেজা/২১