আমেরিকাকে থামান: জাতিসংঘকে সিরিয়ার চিঠি
-
মার্কিন জঙ্গিবিমান (ফাইল ফটো)
সিরিয়ায় কথিত সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে বেসামরিক নাগরিকদের হত্যা করা থেকে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের বিরত রাখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রধানকে দেয়া আলাদা চিঠিতে রোববার এ আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের জোমেইলি এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দামেস্ক সরকার জাতিসংঘকে এ চিঠি দিল। এতে ওই হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে হত্যকাণ্ড চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি জোটের বিমান হামলায় তার চেয়ে কম নিহত হচ্ছে না।
চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বিমান বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি সেতু, তেল ও গ্যাসকূপ, জলাধার, বিদ্যুতের স্থাপনা এবং স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি অবকাঠামো ধ্বংস হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪