কাতার বলল ‘অন্যায়’ সিদ্ধান্ত: সম্পর্ক ছিন্ন করবে না পাকিস্তান
https://parstoday.ir/bn/news/west_asia-i39430-কাতার_বলল_অন্যায়’_সিদ্ধান্ত_সম্পর্ক_ছিন্ন_করবে_না_পাকিস্তান
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় দুঃখ প্রকাশ করেছে দোহা। এ পদক্ষেপকে কাতার অন্যায় বলেছে এবং চার আরব দেশের আনা অভিযোগগুলোর কোনো সঠিক ভিত্তি নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ০৮:৫৭ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান (বামে) ও কাতারের আমির হামাদ বিন খলিফা
    সৌদি রাজা সালমান (বামে) ও কাতারের আমির হামাদ বিন খলিফা

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় দুঃখ প্রকাশ করেছে দোহা। এ পদক্ষেপকে কাতার অন্যায় বলেছে এবং চার আরব দেশের আনা অভিযোগগুলোর কোনো সঠিক ভিত্তি নেই।

কাতারের আল-জাজিরা টেলিভিশন বলেছে, সৌদি আরব ও অন্য আরব দেশগুলোর এ সিদ্ধান্তে কাতারের স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রভাব পড়বে না।

এদিকে, পাকিস্তান পরিষ্কার করে বলেছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া আজ  (সোমবার) এ কথা জানিয়েছেন।    

এর আগে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র অন্যতম প্রভাবশালী সদস্য ও নিকটতম প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। রিয়াদের সঙ্গে একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তবে পিজিসিসি’র আরেক সদস্য কুয়েত এখনো সম্পর্ক ছিন্ন করে নি।

সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের সঙ্গে শুধু কূটনৈতিক সম্পর্কই ছিন্ন করে নি; স্থল, সমুদ্র ও আকাশপথের সমস্ত যোগাযোগ ছিন্ন করার কথা ঘোষণা দিয়েছে। এরইমধ্যে সৌদি আরব কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন দেশগুলো অভিযোগ করছে যে, কাতার সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে এবং এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

আজ সৌদি সরকার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অন্য ভ্রাতৃপ্রতীম দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানায়। একজন সৌদি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, কাতারের সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিপদ থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য রিয়াদ এ ব্যবস্থা নিয়েছে। সৌদি সরকার অভিযোগ করেছে, গত কয়েক বছর ধরে কাতার মারাত্মকভাবে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এদিকে, সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনীতিকদেরকে দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম এ খবর দিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫