ইয়েমেন বিষয়ক জাতিসংঘের দূতকে প্রত্যাখ্যান করল হুথি
-
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আল-সামাদ
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাঈল ওলুদ শেইখ আহমেদকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ রাখবে না বলে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে।
পরিষদের প্রধান সালেহ আল সামাদ গতকাল (সোমবার) রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, জাতিসংঘের এ রাষ্ট্রদূত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত কোনো এলাকায় প্রবেশের অনুমতি পাবেন না। সালেহ বলেন, আমরা সর্বসম্মতিক্রমে এই ঘোষণাই দিচ্ছি যে, এ কূটনীতিককে ইয়েমেনে আর স্বাগত জানানো হবে না এবং তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখা হবে না।
তিনি বলেন, ইয়েমেনে সংকট নিরসনে শেইখ আহমেদ আশাব্যঞ্জক কোনো চেষ্টা চালায় নি। তিনি আরো বলেন, জাতিসংঘ যাকেই ইয়েমেন বিষয়ে দূত হিসেবে নিয়োগ দিক না কেন তাকে অবশ্যই ইয়েমেনি জনগণের আশা আকাঙ্খার প্রতি সম্মান দেখাতে হবে।
এ নতুন সিদ্ধান্ত হুথি আনসারুল্লাহ এবং সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র নেতৃত্বাধীন দল যৌথভাবেই নিয়েছে বলে জানান তিনি। এদিকে, হুথির মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম সালেহ'র অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সেই সঙ্গে ইয়েমেন সংকট বিষয়ে জাতিসংঘের এ কূটনীতিক তার নিরপেক্ষতা হারিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৬