খাদ্য সরবরাহ বাড়াতে ইরান এবং তুরস্কের সঙ্গে আলোচনা চলছে: কাতার
কাতারে প্রয়োজনীয় খাদ্য এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইরান এবং তুরস্কের সাথে দেশটির কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে দোহা থেকে একজন কর্মকর্তা জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে আঞ্চলিক বৃহৎ সরবরাহকারী সৌদি আরব এবং আরব আমিরাত দোহার সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর কাতার এ আলোচনা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান, তুরস্ক এবং অন্যান্য দেশের সঙ্গে দোহা আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতার এয়ারওয়েজের কার্গো ফ্লাইটের মাধ্যমে এসব খাদ্য এবং পানি নিয়ে যাওয়া হবে বলে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, আগামী চার সপ্তাহ চলার মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কাতারে মজুদ রয়েছে। এছাড়া, দোহায় আগে থেকেই কৌশলগত খাদ্য মজুদ ছিল বলে জানান তিনি। এর আগে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কাতারের ৯০ ভাগ খাদ্য সরবরাহকারী সৌদি আরব দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার কিছুক্ষণ পর রাজধানী দোহার দোকানগুলো থেকে খাদ্য সামগ্রী দ্রুত শেষ হয়ে যায়।
অন্যদিকে, ইরান জাহাজের মাধ্যমে কাতারে ১২ ঘন্টায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম বলে গত সোমবার ইরানের একজন কৃষি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৭