সৌদি মন্ত্রীর বক্তব্য সম্পর্কে যা বলল হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার দাবিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের দেয়া বক্তব্যের জবাব দিয়েছে হামাস। সংগঠনটি সৌদি মন্ত্রীর বক্তব্যে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, তার ওই বক্তব্যকে ইহুদিবাদী ইসরাইল পুঁজি করে ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবে।
আজ (বুধবার) সকালের দিকে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আদেল আল-জুবায়ের বলেন, কাতারকে অবশ্যই হামাস ও তার মুরুব্বিক সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। হামাস ও ইখওয়ানকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে সৌদি আরব।
হামাস বলেছে, সৌদি মন্ত্রীর বক্তব্যে ফিলিস্তিনি জনগণ ও আরব মুসলিম জাতিগুলো দুঃখ পেয়েছে। তার এ বক্তব্যের কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল মানবাধিকার লঙ্ঘনে আরো বেশি উৎসাহিত হবে।
গত সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। কাতারের রাজধানী দোহায় হামাসের কয়েকজন শীর্ষ নেতা বসবাস করেন এবং গাজার অনেক উন্নয়ন কর্মসূচিতে কাতার অর্থের যোগান দেয়। গাজার শাসনভার রয়েছে হামাসের হাতে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭