দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করল ইরাকি বাহিনী
ইরাকি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করেছে। ইরাক-সিরিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত। এতে দায়েশের একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে।
সিরিয়ার সরকারি বাহিনী যখন সীমান্তের ওপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে অগ্রাভিযান বজায় রেখেছে তখন এ সাফল্য অর্জন করল ইরাক।
আল-ওয়ালিদ নামের এ সীমান্তপথসহ আরো দু’টি সীমান্তপথ আজ(শনিবার) ইরাক সরকারের নিয়ন্ত্রণে এসেছে। আল-ওয়ালিদ অভিন্ন সীমান্তের আত-তানাফ এলাকার কাছাকাছি অবস্থিত।
২০১৫ সালের মে মাসে আল-ওয়ালিদকে দখল করে নিয়েছিল দায়েশ। এরপর প্রায় এক বছর দায়েশ ইরাক সিরিয়ায় রক্তক্ষয়ী সন্ত্রাস চালিয়েছে। অভিন্ন সীমান্ত এলাকায় নিজের অবস্থান জোরদার করতে আল-ওয়ালিদকে ব্যবহার করেছে দায়েশ।
এদিকে, আত-তানাফের দিকে এগিয়ে চলেছে সিরিয় বাহিনী। দামেস্ক সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়ার জন্য গত বছর থেকে ওই এলাকায় অবস্থান করছে আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/১৭