'ইসরাইলি সেনা দায়েশের হাতে নয়, হামাসের হাতে নিহত হয়েছে'
-
সামি আবু জুহরি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইহুদিবাদী ইসরাইলের এক নারী সেনাকে হত্যা করেছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়।
ইসরাইলি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে- ইসরাইলের সেনা কর্মকর্তা হাদাস মালকাকে গতকাল (শুক্রবার) আল-কুদস বা জেরুজালেম শহরের দামেস্ক গেইটে ছুরি মেরে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে দায়েশ। ওই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলি সেনারা তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে শহীদ করে।
এ সম্পর্কে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইসরাইলের ওই সেনা কর্মকর্তাকে দায়েশ হত্যা করে নি বরং এ দাবি করে তারা পানি ঘোলা করার চেষ্টা করছে। সামি জুহরি বলেন, ওই সেনাকে হত্যা করেছে পপুলার ফ্রন্ট ফর দ্যা লেবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি’র দুই সদস্য ও হামাসের এক যোদ্ধা। পিএফএলপি হচ্ছে পিএলও’র অধীনস্থ দ্বিতীয় বড় সংগঠন।
গতকালের ঘটনায় নিহত তিন ফিলিস্তিনি সম্পর্কে ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবা সিমরি বলেছেন, “ইসরাইলের সেনারা নিহতদের জড়িত থাকার কোনো ইঙ্গিত পায় নি কিংবা কোনো সশস্ত্র গ্রুপও এতে জড়িত নয়। এতে স্থানীয় কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭