মসুলে দায়েশের শেষ আস্তানাগুলো দখল করেছে ইরাকি সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i41310-মসুলে_দায়েশের_শেষ_আস্তানাগুলো_দখল_করেছে_ইরাকি_সেনাবাহিনী
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর দখলে থাকা অবশিষ্ট ছোট ছোট মহল্লাগুলি দখল করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায় গোটা মসুল হাতছাড়া হয়ে যাওয়ার পর এসব মহল্লায় ঘাঁটি গেড়ে সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার শেষ চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ০২:০৪ Asia/Dhaka
  • মসুলে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযান
    মসুলে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযান

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর দখলে থাকা অবশিষ্ট ছোট ছোট মহল্লাগুলি দখল করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায় গোটা মসুল হাতছাড়া হয়ে যাওয়ার পর এসব মহল্লায় ঘাঁটি গেড়ে সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার শেষ চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।

মসুল উদ্ধার অভিযানের কমান্ডার লে. জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ জানিয়েছেন, পুরনো মসুলের আন-নুরি মসজিদের নিকটবর্তী বাব আল-হাদিদ এলাকা এবং ওয়েন্সডে মার্কেটের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের ফেডারেল পুলিশ বাহিনী। সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পশ্চিম মসুলের বিখ্যাত ‘আয়রন ব্রিজ’ও পুনরুদ্ধার করেছে।

জেনারেল ইয়ারাল্লাহ জানান, ফেডারেল পুলিশ বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ইউনিটগুলো আশ-শিফা এলাকা, ইবনে সিনা হাসপাতাল এবং এর ব্লাড ব্যাংক ও রেডিওথেরাপি ওয়ার্ড দায়েশ জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।

এদিকে উগ্র তাকফিরি জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ১,০০০ মানুষকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, দায়েশ জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে প্রায় ৯০০ বেসামরিক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে। সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে এসব হতভাগ্য মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে বলে আশঙ্কার করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২