সহায়তা দেয়ায় ইরানের প্রতি আমরা কৃতজ্ঞ: হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i41618-সহায়তা_দেয়ায়_ইরানের_প্রতি_আমরা_কৃতজ্ঞ_হানিয়া
ফিলিস্তিনি জনগণের প্রতি সহায়তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ১৫:৫৭ Asia/Dhaka
  • হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া
    হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি জনগণের প্রতি সহায়তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

তিনি গতকাল (বুধবার) গাজা উপত্যকায় সর্বস্তরের ফিলিস্তিনিদের এক সমাবেশে বলেছেন, ইসলামি ইরান সব সময়ই ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধকামী সংগ্রামী দলগুলোকে এবং বিশেষ করে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডকে সহায়তা দিয়েছে।

হানিয়া বলেন, হামাসের শক্তি বৃদ্ধি এবং আজ এ আন্দোলনের যে শক্তিশালী অবস্থা- তা গড়ার ক্ষেত্রে ইরানের মৌলিক ভূমিকা রয়েছে। 

তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সরকারের সব ধরনের সাহায্য সমর্থনের নিন্দা জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজলুম ফিলিস্তিনিদের হত্যা করা ও ইহুদিবাদী দখলদারদের জন্য অবৈধ বসতি নির্মাণসহ ইসরাইলের সব ধরনের অমানবিক এবং অবৈধ তৎপরতায় সর্বশক্তি দিয়ে সহায়তা দিচ্ছেন। 

হামাস ফিলিস্তিনের এক বিন্দু ভূমির ওপরও ইসরাইলি দখলদারিত্ব মেনে নেবে না বলে হানিয়া মন্তব্য করেন। তিনি ফিলিস্তিনি বন্দিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞ বন্ধ করার ওপর জোর দিয়ে বলেন,  হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করা ও সব ফিলিস্তিনি শরণার্থীকে ফিলিস্তিনে ফিরে আসার অধিকার প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির জন্য সব সময়ই কাজ করছে। 

তিনি বোররাক দেয়াল দখলদার ইসরাইলকে দিয়ে দেয়ার বিরোধিতা করে বলেছেন, এই দেয়াল আল-আকসা মসজিদের অংশ। 

দখলদার ইসরাইল সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ এবং তার আশপাশে নানা ধরনের ধ্বংসাত্মক ও অবৈধ তৎপরতা চালিয়ে এ অঞ্চলের ইহুদিকরণ করার ষড়যন্ত্র জোরদার করছে।#   

পার্সটুডে/মু.আ.হুসাইন/৬