গাজায় ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা মারাত্মক ব্যাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i41828-গাজায়_ক্যান্সার_আক্রান্ত_রোগীদের_চিকিৎসা_মারাত্মক_ব্যাহত
প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৭ ০৩:৫২ Asia/Dhaka
  • গাজার একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত একজন রোগী
    গাজার একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত একজন রোগী

প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ গাজা উপত্যকার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়, ২০ ধরনের ওষুধের অভাবে গাজার ক্যান্সার আক্রান্ত রোগীরা দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন।

এ ছাড়া, স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশাপাশি মারাত্মক ব্যাধিতে আক্রান্তদেরকে গাজা উপত্যকার বাইরে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দিচ্ছেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।এ কারণে গাজা উপত্যকার চিকিৎসা সেবা মারাত্মক সংকটে পড়তে যাচ্ছে।

গাজার ক্যান্সার আক্রান্ত নারীদের সহায়তাকারী প্রতিষ্ঠান 'হেল্প অ্যান্ড হোপ’র পরিচালক আইমান শিনান জানিয়েছেন, গাজার ক্যান্সার আক্রান্ত নারীদের অর্ধেকের এই উপত্যকা ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ এসব নারীর প্রতি ২১ দিনে একবার চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।

গাজার আশ-শিফা হাসপাতাল জানিয়েছে, ওই উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের একের পর এক হামলার ধ্বংসাত্মক প্রভাবের কারণে বছরে প্রায় এক হাজার ৬০০ ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অবরুদ্ধ এই জনপদের মানুষের চিকিৎসা সেবা সুলভ করার জন্য আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০