সৌদি সামরিক ঘাঁটি দখলে নিল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i41866-সৌদি_সামরিক_ঘাঁটি_দখলে_নিল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী জওফ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের কাছ থেকে একটি কৌশলগত পার্বত্য এলাকা দখলে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী
    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী

ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী জওফ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের কাছ থেকে একটি কৌশলগত পার্বত্য এলাকা দখলে নিয়েছে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি বাহিনী গতকাল রোববার জওফ প্রদেশের মাতুন শহরের হাম এলাকায় আনবারা পর্বত এবং এর নিকটবর্তী কয়েকটি পাহাড়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ইয়েমেনি বাহিনীর এসব অভিযানে বহু ভাড়াটে সেনা হতাহত হয়েছে। পাশাপাশি এসময় সৌদি মদদপুষ্ট ভাড়াটে সেনাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।

দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব বর্বরোচিত বিমান হামলা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী সৌদির সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত আল জামিম সামরিক ঘাঁটি ইয়েমেনি বাহিনী দখলে নিয়েছে।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশির ভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ১২ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।#

পার্সটুডে/বাবুল আখতার/১০