ইসরাইল-বিরোধী লড়াইয়ের জন্য ইরান-হামাস নতুন চুক্তি
https://parstoday.ir/bn/news/west_asia-i43688-ইসরাইল_বিরোধী_লড়াইয়ের_জন্য_ইরান_হামাস_নতুন_চুক্তি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তারা একটি নতুন চুক্তিতে পৌঁছেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৭ ২১:৪৩ Asia/Dhaka
  • হামাস নেতা ইজ্জাত আর-রিশ্‌কের  সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক
    হামাস নেতা ইজ্জাত আর-রিশ্‌কের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তারা একটি নতুন চুক্তিতে পৌঁছেছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এ চুক্তির ফলে ইরানের সঙ্গে হামাসের সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হবে এবং ফিলিস্তিন, আল-আকসা মসজিদ ও প্রতিরোধ আন্দোলনকে নতুন মাত্রায় সমর্থন দেবে তেহরান। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের পলিটব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশ্‌কের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। শপথ অনুষ্ঠানের অবকাশে সোমবার প্রতিনিধিদলটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে জারিফ বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতিতে ফিলিস্তিন গুরুত্বপূর্ণ ইস্যু এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে হামাসের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় তেহরান। বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মাদ জাওয়াদ জারিফ জোরালো ভাষায় জানিয়েছেন, ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলন ইস্যুতে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ফিলিস্তিনের জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেন রিশ্‌ক। তিনি বলেন, হামাস বিশ্বাস করে ইহুদিবাদী ইসরাইলকে অভিন্ন শত্রু বিবেচনা করে তাকে মোকাবেলার জন্য মুসলিম দেশগুলোর ঐক্য জোরদার করা এবং মুসলিম দেশগুলোর সক্ষমতাকে ব্যবহার করা উচিত।#          

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮