কুর্দি গণভোটের কারণে ইরাকে গৃহযুদ্ধ শুরু হতে পারে: তুরস্ক
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে। চলতি মাসের শেষ দিকে এ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুরস্কের সরকার পরিচালিত টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে চাভুসওগ্লু বলেন, ইরাক দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যদিয়ে দিন পার করছে; সেখানকার একটি এলাকার জন্য স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তিনি বলেন, “আল্লাহ মাফ করুন, এই গণভোট এমনকী গৃহযুদ্ধ পর্যন্ত ডেকে আনতে পারে।”
এর আগে তুরস্কের উপ প্রধানমন্ত্রী বেকির বোজদাগ মঙ্গলবার বলেছেন, স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ইরাকি সংবিধানের লঙ্ঘন এবং এর ফলে মধ্যপ্রাচ্য আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইরাকের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি তুরস্ক বিশেষ গুরুত্ব দেয় বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭