জাতিসংঘ মহাসচিবের পরিকল্পিত গাজা সফরকে স্বাগত জানাল হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপদ্বীপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের প্রস্তাবিত সফরকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আরোপিত অমানবিক অবরোধ তুলে নিতে তৎপর হওয়ার জন্যও তার প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অবরোধে গাজার জীবন মান ক্রমেই নিচে নামছে এবং ফিলিস্তিন-ইসরাইলি সংঘাতের প্রেক্ষাপটে এ সফর করতে যাচ্ছেন গুতারেস। এক বিবৃতিতে এ সব কথা বলেন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম। আজ(বুধবার)আরো পরে গুতারেসের গাজা সফর করার কথা রয়েছে। বিবৃতিতে এ সফরকে গাজার বিশেষ জন্য বিশেষ মর্যাদার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন হামাস মুখপাত্র।
আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজার বিরুদ্ধে অব্যাহত অবরোধে গভীর হতাশা ব্যক্ত করেন তিনি। গাজাকে বিশ্বের সবচেয়ে বড় ‘খোলা কারাগার’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উপদ্বীপের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনির দুর্ভোগের ইতি ঘটাতে সম্ভব সব কিছু করবেন গুতারেস।
এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবকে সাক্ষাৎ করার আহ্বানও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩০