ইসরাইল শান্তি চায় না: আরব লীগ
-
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য থেকে প্রমাণিত হয় যে, তেল আবিব মধ্যপ্রাচ্যে শান্তি চায় না।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে আবুল গেইত বলেন, “কোনো শান্তিকামী মানুষের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে না।”
গত সোমবার নেতানিয়াহু বলেছেন, পশ্চিমতীরের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যেসব ইহুদি আবাসন গড়ে তোলা হয়েছে তারা তা ছাড়বেন না। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল এসব ভূখণ্ড দখল করে নিয়েছিল। নেতানিয়াহু সুস্পষ্ট করে বলেছেন, “আমরা এখানে এসেছি চিরদিনের জন্য এবং ইহুদি বসতিও ছাড়া হবে না।”
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ যুদ্ধবাজ নেতানিয়াহুর এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু ইসরাইলের এ উসকানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০