কাতার-সৌদি বিরোধ: মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/west_asia-i45411-কাতার_সৌদি_বিরোধ_মধ্যস্থতার_প্রস্তাব_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার এবং সৌদি আরবের চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এ বিরোধ বেশ সহজেই নিষ্পত্তি করা যাবে বলেও ধারণা ব্যক্ত করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৪:৪৬ Asia/Dhaka
  • কুয়েতের আমির শেখ সাবাহ্ আল-আহমদ আজ-জাবের আস-সাবাহ্‌র সঙ্গে ট্রাম্প
    কুয়েতের আমির শেখ সাবাহ্ আল-আহমদ আজ-জাবের আস-সাবাহ্‌র সঙ্গে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার এবং সৌদি আরবের চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এ বিরোধ বেশ সহজেই নিষ্পত্তি করা যাবে বলেও ধারণা ব্যক্ত করেছেন তিনি।

হোয়াইট হাউজে কুয়েতের আমির শেখ সাবাহ্ আল-আহমদ আজ-জাবের আস-সাবাহ্‌র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি। কাতারের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করতে ইচ্ছুক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এটি বেশ সহজেই নিষ্পত্তি করা যাবে ধারণা করছেন।  

গত সপ্তাহে ট্রাম্প সৌদি রাজা সালমানসহ সবপক্ষকে কাতারের সঙ্গে চলমান বিরোধের কূটনৈতিক সমাধান বের করার আহ্বান জানিয়েছিলেন। সৌদি রাজার সঙ্গে টেলিফোন সংলাপে এ আহ্বান জানান ট্রাম্প।

জুনের ৫ তারিখ থেকে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং আরব আমিরাত একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক রাখার অভিযোগসহ আরো কিছু ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সম্পর্ক ছিন্ন করা হয়। 

মে মাসের শেষ দিকে ট্রাম্পের রিয়াদ সফরের সঙ্গে সৌদি জোটের এ তৎপরতার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। এ ধারণাকে সমর্থন করেছেন খোদ ট্রাম্প। কাতারের সঙ্গে সৌদি জোটের টানাপড়েন তৈরির প্রথম দিকে এক টুইটার বার্তায় এমনই আভাস দিয়েছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৮