কাতারকে আশ্রিত রাষ্ট্রে পরিণত করতে চাইছে সৌদি জোট: দোহা
-
শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি
কাতারকে আশ্রিত রাষ্ট্রে পরিণত করতে দোহার বিরুদ্ধে অবৈধ অবরোধ আরোপ করেছে সৌদি জোট। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি।
তিনি বলেন, কাতারকে আশ্রিত রাষ্ট্রে পরিণত হতে বাধ্য করা, দেশটির পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করা, সার্বভৌমত্ব লঙ্ঘন করা এবং কাতারের অভ্যন্তরীণ নীতিতে নাক গলাতে চাইছে অবরোধ আরোপকারীরা। অবরোধের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, অবৈধ অবরোধ পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কাতার এ পরিস্থিতি মেনে নেবে না বলেও জানান আবদুর রহমান আলে সানি।
গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক রাখার অভিযোগ এবং সন্ত্রাসবাদে মদদ দেয়াসহ আরো কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে দেশটির ওপর অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ। ফলে সৌদির সঙ্গে কাতারের অভিন্ন সীমান্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে বেশিরভাগ খাদ্য আমদানির জন্য দেশটিকে সৌদি ভূখণ্ড ব্যবহার করতে হতো।#
পার্সটুডে/মূসা রেজা/১২