‘আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ নয় আমিরাত’
-
আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র বোরকান-২ বা আগ্নেয়গিরি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার সংগঠনের যোদ্ধাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র থেকে সংযুক্ত আরব আমিরাত নিরাপদ নয়। তিনি জানান, এসব ক্ষেপণাস্ত্র আনসারুল্লাহ যোদ্ধারা তৈরি করছে এবং তা আরব আমিরাতের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এছাড়া, সৌদি আরবের বহু তেল স্থাপনায়ও এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী সানা থেকে দেয়া টেলিভিশন ভাষণে তিনি বলেন, আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র আরব আমিরাতের রাজধানী আবুধাবিসহ যেকোনো জায়গায় পৌঁছাতে পারে। এ সময় তিনি আরো জানান, আনসারুল্লাহ যোদ্ধারা সামরিক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে যেগুলো খুব শিগগিরি যুদ্ধক্ষেত্রে নামবে।
গত ২৬ ফেব্রুয়ারি আনসারুল্লাহ অনুগত সেনাবাহিনী নিজেদের তৈরি চার ধরনের ড্রোন প্রদর্শন করে। এসব ড্রোন শত্রুপক্ষের অবস্থানের ওপর গোয়েন্দাগিরি ও তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি এসব ড্রোন শত্রুদের ওপর হামলাও চালাতে পারে।
সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে আবদুল মালেক বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের ভুলের খেসারত দিচ্ছে এবং এ কারণে তারা সিরিয়া বিষয়ে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারপরও তাদের হুঁশ হচ্ছে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪