সংকট নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত: কাতারি আমির
https://parstoday.ir/bn/news/west_asia-i45941-সংকট_নিরসনে_আলোচনায়_বসতে_প্রস্তুত_কাতারি_আমির
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য তার দেশ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ২২:০৫ Asia/Dhaka
  • শেখ তামিম (বামে) ও  অ্যাঙ্গেলা মারকেল
    শেখ তামিম (বামে) ও অ্যাঙ্গেলা মারকেল

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য তার দেশ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

শেখ তামিম বলেন, “কাতারের ওপর ১০০ দিনের বেশি হলো সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধ চলছে। তারপরও আমরা সংকট নিরসনে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত রয়েছি।” তিনি বলেন, সংকট নিরসনে কুয়েতের নেয়া উদ্যোগের প্রতি দোহার সমর্থন অব্যাহত  থাকবে।   

জার্মান চ্যান্সেলর পারস্য উপসাগরীয় দেশগুলোর চলমান সংকট এখনো সমাধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “চলমান এই দ্বন্দ্ব কেবল কূটনৈতিক উপায়ে সমাধান হতে পারে। এজন্য আমরা সবপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে বসার আহ্বান জানাই।” দ্বন্দ্ব অবসানের স্বার্থে তিনি আলোচনায় প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখার কথা বলেন। মারকেল বলেন, হাটবাজারে কখনো ভালো ফল আসে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬