কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ দিয়েছে ইরাকি আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i47682-কুর্দিস্তানের_ভাইস_প্রেসিডেন্টকে_আটকের_নির্দেশ_দিয়েছে_ইরাকি_আদালত
ইরাকের একটি আদালত আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দিয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাগদাদের রুসাফা ইনভেস্টিগেশন কোর্ট আজ (বৃহস্পতিবার) কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দেয়। একদিন আগে কোসরাত ইরাকের সেনাবাহিনী ও পুলিশকে দখলদার বাহিনী বলে বিবৃতি দিয়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ২০:১৪ Asia/Dhaka
  • কোসরাত রাসুল
    কোসরাত রাসুল

ইরাকের একটি আদালত আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দিয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাগদাদের রুসাফা ইনভেস্টিগেশন কোর্ট আজ (বৃহস্পতিবার) কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দেয়। একদিন আগে কোসরাত ইরাকের সেনাবাহিনী ও পুলিশকে দখলদার বাহিনী বলে বিবৃতি দিয়েছিলেন।

কিরকুক অভিযানের সময় ইরাকি বাহিনীকে প্রতিরোধ না করার জন্য ওই বিবৃতিতে তিনি তার সংগঠনের লোকজনের সমালোচনা করেছেন। কোসরাত রাসুল কুর্দিস্তান সরকারের ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান বা পিইউকে'র ভাইস প্রেসিডেন্ট। তার এ দলটি কুর্দিস্তানের প্রধান দুটি দলের একটি।

আদালত বলেছে, পেনাল কোডের ২২৬ ধারা অনুসারে কোসরাতের এ বিবৃতিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানি বলে বিবেচনা করা হচ্ছে। এ ধারায় কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তাকে ইরাকের আইন অনুসারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেয়া হয়; ক্ষেত্রেবিশেষে জরিমানাও করা হয়।

গত রোববার রাসুল তার পিশমার্গা বাহিনী নিয়ে কিরকুকে গিয়েছিলেন কিন্তু ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ না করেই তারা সেখান থেকে চলে যান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯