'এগিয়ে যাচ্ছে বীর সেনারা; শিগগিরি দায়েশের শেষ আস্তানা দখল হবে'
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন,তার দেশের বীর যোদ্ধারা দায়েশ-বিরোধী অভিযানে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর শেষ আস্তানা দখল করা হবে। তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যে মুক্ত করা হবে দায়েশের নিয়ন্ত্রণে থাকা সামান্য কয়েকটি শহর ও গ্রাম।
ইরান সফরে থাকা অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) এ বিবৃতি দিয়েছেন হায়দার আল-এবাদি। তিনি বলেন, ইরাকি বাহিনী পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল-কায়িম ও রাওয়া শহর মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে। অভিযানে এ দুটি শহর এবং তার আশপাশের এলাকাও মুক্ত করা হবে।
বিবৃতিতে এবাদি ইরাকি যোদ্ধাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন- “দায়েশের সামনে মৃত্যু অথবা আত্মসমর্পণ ছাড়া আর কোনা পথ খোলা নেই।”
এদিকে, চলমান অভিযানের কমান্ডার মেজর জেনারেল কাসেম আল-মুহাম্মাদি বলেছেন, দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো মুক্ত করার জন্য সেনারা চারদিক থেকে এগুচ্ছে। এ অভিযানে পুলিশ, সন্ত্রাস-বিরোধী বিশেষ বাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে। সামরিক সূত্রের খবর অনুযায়ী, এরইমধ্যে ইরাকি যোদ্ধারা কায়িম শহরের দক্ষিণে অবস্থিত সামরিক ঘাঁটি পুনরুদ্ধার করেছে। এছাড়া, রাওয়া শহরের একেবারেই কাছে পৌঁছে গেছে ইরাকি সেনাবাহিনী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭