আমেরিকার অবমাননাকর বক্তব্যে প্রচণ্ড ক্ষেপেছে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i47947-আমেরিকার_অবমাননাকর_বক্তব্যে_প্রচণ্ড_ক্ষেপেছে_ইরাক
মার্কিন সরকার ইরাকের সব শ্রেণীর জনগণকে সঙ্গে নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ্‌ আশ-শাবির উপপ্রধানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করায় ইরাক সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka

মার্কিন সরকার ইরাকের সব শ্রেণীর জনগণকে সঙ্গে নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ্‌ আশ-শাবির উপপ্রধানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করায় ইরাক সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল হাজেব 'হাশদ্‌ আশ-শাবি'র প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, এই স্বেচ্ছাসেবী বাহিনী ইরাকি সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ। তিনি এক বিবৃতিতে, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি হাশদ্‌ আশ-শাবির অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেছেন, এই বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মোহান্দেস ইরাককে রক্ষার জন্য জানবাজি রেখে যুদ্ধ করেছেন। এদিকে, হাশদ্‌ আশ-শাবির বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিক্রিয়ায় ইরাকের প্রধানমন্ত্রীও বলেছেন, এই স্বেচ্ছাসেবী বাহিনী হচ্ছে ইরাকসহ এই অঞ্চলের জনগণের আশা-ভরসা। গত বছর ২৬ নভেম্বর ইরাকি পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য হাশদ্‌ আশ-শাবিকে বৈধ বাহিনী হিসেবে স্বীকৃতি দেন।

দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে হাশদ্‌ আশ-শাবির একের পর এক সাফল্য এবং এ বাহিনী ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় মার্কিন কর্মকর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। বিশেষ করে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ইরাককে দুর্বল করা এবং দেশটিকে খণ্ড-বিখণ্ড করার যে ষড়যন্ত্র আমেরিকা করেছিল হাশদ্‌ আশ-শাবি তা ব্যর্থ করে দেয়ায় ওয়াশিংটন খুবই অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। ইরাকি জনগণের মাঝে হাশদ্‌ আশ-শাবির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তে থাকায় এবং এই বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আদর্শে পরিণত হওয়ায় সন্ত্রাসীদের মাধ্যমে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার যে স্বপ্ন আমেরিকা দেখেছিল তা ব্যর্থ হয়ে গেছে।

হাশদ্‌ আশ-শাবির সাফল্যের কারণে সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিষয়ে আমেরিকার সব দাবি মিথ্যা এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর দুর্বলতা ও অযোগ্যতা প্রমাণিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ আরোপ করছেন অথচ আমেরিকা নিজেই সন্ত্রাসীদেরকে ভালো ও মন্দ এ দু'ভাগে ভাগ করে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং তাদেরকে বৈধতা দেয়ার চেষ্টা করছে। এ কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন কথাকথিত সন্ত্রাসবিরোধী জোটের হস্তক্ষেপ, স্বেচ্ছাচারী আচরণ ও বেআইনি কর্মকাণ্ড বন্ধের দাবি উঠেছে।

এদিকে, ইরাকের সাধারণ জনগণও সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে আমেরিকার শত শত সেনা ইরাকে মোতায়েন রয়েছে। ইরাকে আমেরিকাবিরোধী চেতনা বাড়তে থাকায় মার্কিন কর্মকর্তারা নানা কৌশলে ও ছলচাতুরির আশ্রয় নিয়ে দায়েশ পরবর্তী ইরাকে সেনা উপস্থিতি বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক অপপ্রচারের বিরুদ্ধে ইরাকিদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা বেশ সতর্ক। অর্থাৎ হাশদ্‌ আশ-শাবি ইস্যুতে বিতর্ক সৃষ্টির মার্কিন চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় হাশদ্‌ আশ-শাবি'র উপপ্রধানের প্রশংসা করা থেকে আমেরিকার ওই ব্যর্থতার বিষয়টি ফুটে উঠেছে।#               

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২৮