বারজানির পদত্যাগ ঘোষণার পর কুর্দিস্তানের সংসদে হামলা
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সংসদে আজ(রোববার) হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। আঞ্চলিক রাজধানী আরবিলে অবস্থিত সংসদ ভবনে হামলাকারীদের কারো কারো হাতে লাঠি-সোটা ছিল বলে জানা গেছে।
কুর্দিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে আগামী মাসে মাসুদ বারজানির সরে দাঁড়ানোর অনুরোধ কুর্দিস্তানের আইন প্রণেতারা অনুমোদন করার পরই এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারজানির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে বিক্ষোভকারীরা। আঞ্চলিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা ঢোকার সময়ে গুলির শব্দ শোনা গেছে বলে কোনো কোনো খবরে বলা হয়েছে। এ সব খবরে বলা হয়েছে, কুর্দি পিশমার্গা যোদ্ধারা জোর করে সংসদ ঢুকেছে।
অন্য খবরে বলা হয়েছে, কুর্দি আইন প্রণেতারা সংসদ ভবনের ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া, সংসদের সামনে থেকে খবর প্রচার করার সময়ে এনআরটি নিউজ চ্যানেলের সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে। এ চ্যানেল বারজানির নীতির সমালোচক হিসেবে পরিচিত।
এদিকে, স্থানীয় সূত্রগুলো বলছে, সংসদ ভবনের কাছে যে সব গুলির শব্দ শোনা গেছে তা নিরাপত্তা বাহিনী ছুঁড়েছে। ফাঁকাগুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯