হামাস মন্ত্রীদের ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে: মাহমুদ আব্বাস
-
মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতারা যদি প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি না দেন তাহলে তিনি তাদেরকে মন্ত্রিসভায় নিয়োগ দেবেন না।
পশ্চিম তীরের রামাল্লায় মাহমুদ আব্বাসের দল ফাতাহ আন্দোলনের সদর দপ্তরে ইসরাইলের সাবেক কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে গতকাল (রোববার) আলাপের সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে। অবশ্য, শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়ার জন্য তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।
চলতি মাসের প্রথম দিকে হামাস ও ফাতাহ আন্দোলন জাতীয় সংহতি প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। আশা করা হচ্ছিল- এ চুক্তির পর দু দলের মধ্যে এক দশকের মতানৈক্য দূর হবে। তবে এই চুক্তির ফলে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ হয়েছেন। চুক্তির পর তিনি দাবি করেছেন, নতুন সরকারের তরফ থেকে অবশ্যই ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হামাসের সম্পর্ক ছিন্ন এবং হামাসের সামরিক শাখা বিলুপ্ত করতে হবে। একই দাবি জানিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০