কুয়েতের আমিরের সঙ্গে এরদোগানের বৈঠক: সেনাপ্রধানদেরও আলোচনা
https://parstoday.ir/bn/news/west_asia-i48429-কুয়েতের_আমিরের_সঙ্গে_এরদোগানের_বৈঠক_সেনাপ্রধানদেরও_আলোচনা
সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের সর্বাত্মক অবরোধ ও নানামুখী দ্বন্দ্বের মধ্যে গতকাল (মঙ্গলবার) কুয়েত সিটিতে দু নেতা এ বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৭ ০৯:২১ Asia/Dhaka
  • কুয়েতের আমিরের সঙ্গে (ডানে) এরদোগানের বৈঠক
    কুয়েতের আমিরের সঙ্গে (ডানে) এরদোগানের বৈঠক

সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের সর্বাত্মক অবরোধ ও নানামুখী দ্বন্দ্বের মধ্যে গতকাল (মঙ্গলবার) কুয়েত সিটিতে দু নেতা এ বৈঠক করেন।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত সফররত এরদোগান এবং দেশটির আমির শেখ সাবাহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। সবক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার উপায় নিয়েও আলোচনার  পাশাপাশি দু নেতা সরাসরি বিনিয়োগের বিষয়ে একটি চুক্তিতে সই করেন। কুয়েত সফর শেষে আজ (বুধবার) এরদোগানের কাতার সফরে যাওয়ার কথা রয়েছে।

এরদোগানের কুয়েত সফরের সময় তুর্কি সেনাপ্রধান কুয়েতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। দু দেশের সামরিক সম্পর্ক আরো গভীর করা এবং সহযোগিতা জোরদার করার বিষয়ে তারা দু জন আলোচনা করেন।  

সৌদি-কাতার দ্বন্দ্বে কুয়েত ও তুরস্ক মধ্যস্থতা করছে তবে সংকট শুরুর কিছুদিনের মধ্যে পরিস্থিতি জটিল হওয়ায় তুরস্ক সরাসরি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর একযোগে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরাপ করে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫