কাতারের সঙ্গে ইরান, পাকিস্তান ও তুরস্কের বাণিজ্য বেড়েছে
-
ইরান, তুরস্ক ও কাতারের মধ্যে বাণিজ্য চুক্তির অনুষ্ঠানে তিন দেশের মন্ত্রী (সাম্প্রতিক ছবি)
কাতারের ওপর অবরোধ আরোপ করার পর দেশটির সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। এসব দেশের দ্রুত পদক্ষেপের কারণে চারটি দেশই লাভবান হচ্ছে।
গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।
গতকাল (রোববার) কাতারের রাজধানী দোহায় গাল্ফ স্টাডিজ ফোরামের সম্মেলনের অবকাশে বিশেষজ্ঞরা এ সম্পর্কে বলেছেন, অবরোধ আরোপের পর যে সংকট সৃষ্টি হয়েছিল তা এই তিন দেশকে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পথ সহজ করে দিয়েছে। এতে নতুন বাণিজ্য রুট তৈরির পাশাপাশি দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। অবরোধ আরোপের পর পাকিস্তান দৃশ্যত নিরপেক্ষ অবস্থান নিলেও কাতারে আরো বেশি জনশক্তি রপ্তানি করতে রাজি হয়েছে। পাশাপাশি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নেয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।
কাতারের ওপর অবরোধ আরোপ করার পর দোহার সঙ্গে ইরানের বাণিজ্যও বেড়েছে শতকরা ১১৭ ভাগ। এ তথ্য দিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের গাল্ফ অ্যান্ড ইসলামিক স্টাডিজের বিশেষজ্ঞ লুসিয়ানো জাকারা। তিনি বলেন, অবরোধ সাময়িক সংকট তৈরি করলেও পরিণামে তা দু দেশের জন্যই উপকার বয়ে আনবে। গত মাসে ইরানের শূল্ক বিভাগের দেয়া তথ্য মতে- গত পাঁচ মাসে ইরান থেকে তেলজাত পণ্যের বাইরে নানা ধরনের পণ্য রপ্তানি করা হয়েছে কাতারে যার আর্থিক মূল্য ছয় কোটি ৭৫ লাখ ডলার। একইভাবে তুরস্কও কাতারে পণ্য রপ্তানি বাড়িয়েছে এবং দেশটি অঘোষিতভাবে কাতারের পাশে সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪