ফিলিস্তিনে বিক্ষোভ দিবস; শহরগুলোতে ইসরাইলি সেনা মোতায়েন
-
ফিলিস্তিনের বিভিন্ন শহরে মোতায়েন ইসরাইলি সেনা
অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে শত শত বাড়তি সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর ফিলিস্তিনে আজ (শুক্রবার) সম্ভাব্য যে বিক্ষোভ হতে পারে তা মোকাবেলা করার জন্য ইসরাইল এসব বাড়তি সেনা মোতায়েন করেছে।
এরইমধ্যে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ বিভিন্ন সংগঠন আজ বিক্ষোভ দিবস পালনের ডাক দিয়েছে। বায়তুল মুকাদ্দাস শহরে আজ ব্যাপক বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলার জন্য ইসরাইল সেখানে সবচেয়ে বেশি সেনা ও পুলিশ মোতায়েন করেছে। গতকাল হামাস নেতা ইসমাইল হানিয়া মার্কিন প্রেসিডেন্টের ঘোষণাকে ফিলিস্তিনি জনগণ ও পবিত্র স্থানগুলোর ওপর আগ্রাসন অভিহিত করে শুক্রবার বিক্ষোভ পালনের আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথা বলেছেন। এতে ফিলিস্তিনের জনগণসহ সারা বিশ্বের মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এছাড়া, আমেরিকার বহু মিত্র দেশ ও সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮