আমেরিকার নয়া সন্ত্রাসী বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করে দেব: তুরস্কের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i51401-আমেরিকার_নয়া_সন্ত্রাসী_বাহিনীকে_অঙ্কুরেই_ধ্বংস_করে_দেব_তুরস্কের_হুঁশিয়ারি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে আমেরিকা। এখন আমাদের দায়িত্ব হলো এই বাহিনীকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া।  আজ (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৮ ১৫:৫০ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এর্দোগান
    রজব তাইয়্যেব এর্দোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে আমেরিকা। এখন আমাদের দায়িত্ব হলো এই বাহিনীকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া।  আজ (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন।

এর্দোগান বলেন, কুর্দি যোদ্ধারা পেছন থেকে ছুরি মারতে অভ্যস্ত। কাজেই একদিন তারা আমেরিকার বিরুদ্ধেও এসব অস্ত্র ব্যবহার করবে। আমেরিকা সিরিয়ায় তুর্কি সীমান্তে কুর্দি যোদ্ধাদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এর্দোগান এ প্রতিক্রিয়া দেখালেন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেককেই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ'র সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি'র সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

ওয়াইপিজি-র সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করতে এর আগে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এর্দোগান। তিনি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সহযোগিতার পরিণতির জন্য আঙ্কারা দায়ী থাকবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫